ডিজিটাল প্রোডাক্ট ডেভেলপমেন্ট – পর্ব ১

আমরা প্রতিদিন ওয়াটস্অ্যাপ, ম্যাসেন্জার, ইউটিউব এর মত বেশ কয়েকটি ভার্চুয়াল বা ডিজিটাল প্রোডাক্ট ব্যবহার করছি কিন্তু একই ধরণের অন্য অনেকগুলো প্রোডাক্ট থাকার পরও আমরা বেশিরভাগ মানুষই এগুলোকেই কেন বেছে নিচ্ছি। এর পেছনে রয়েছে হিউম্যান বিহেভিয়ার ও সাইকোলজির চমৎকার একটি প্রভাব।

ইউজারের দৃষ্টিকোণ হতে আমরা কেন এগুলো ব্যবহার করি অথবা উদ্যেক্তাদের দৃষ্টিকোণ হতে ইউজাররা কোন ধরণের প্রোডাক্ট পছন্দ করে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব তিন পর্বের সিরিজে। প্রথমেই বলে রাখি এই সিরিজটি হুকড্ নামের একটি প্রোডাক্ট ডেভেলপমেন্ট বই এর আলোকে লেখা যেটি সম্পর্কে বিস্তারিত শেষ পর্বে জানাব ইনশাআল্লাহ। তো শুরু করা যাক প্রথম পর্ব।

২০০৭ সালে মাহালো নামের একটি ওয়েবসাইট যাত্রা শুরু করে যেটি ছিল মূলত প্রশ্ন-উত্তর ফোরাম সাইট। তারা ইউজার এনগেইজমেন্ট বাড়ানোর জন্য একটি ভিন্ন পদ্ধতি বেছে নিল। যারা ঐ সাইটে কোন প্রশ্ন পোস্ট করত তাদের একাউন্টে মাহালো ডলার নামে একটি ক্রেডিট জমা হত যা ছিল ভার্চুয়াল কারেন্সী। আবার উত্তরদাতার মধ্যে যিনি বেস্ট আনসার দিতেন তার একাউন্টেও ক্রেডিট জমা হত। আর এই জমাকৃত ক্রেডিটগুলো পরবর্তীতে রিয়েল মানিতে এক্সচেঞ্জ করা যেত!

এই রিওয়ার্ড পলিসির কারণে মাহালো প্রথমদিকে ব্যাপক সাড়া ফেলেছিল এবং ঐ সময়ে তাদের সাইটে মাসে সর্বোচ্চ ১৪ মিলিয়ন পর্যন্ত ভিজিটর পাওয়ার রেকর্ড হয়। এরপর আস্তে আস্তে তাদের ভিজিটর কমতে থাকে। ইউজাররা আগের মত একটিভ থাকছে না যদিও তাদের ক্রেডিট আর্নিং পলিসি চালু ছিল।

এর মধ্যে ২০১০ এর দিকে Quora নামের অন্য আরেকটি প্রশ্ন-উত্তর ফোরাম সাইট দ্রুত জনপ্রিয়তা পেতে শুরু করল যদিও তারা ইউজারদেরকে কোন ডলার রিওয়ার্ড দেয়নি প্রশ্ন বা উত্তর করার জন্যে।

অথচ মাহালো টাকা দিয়েও তাদের ভিজিটর ধরে রাখতে পারছে না। মাহালোর এক্সিকিউটিভরা  তাদের এই ব্যর্থতার কারণ অনুসন্ধান করতে গিয়ে যে ব্যাপারটি উপলব্ধি করল তা হল মানুষ আসলে টাকার জন্য একটি প্রশ্ন-উত্তর ফোরাম ব্যবহার করতে আসবে না কারণ যে পরিমাণ সময় দিয়ে এখানে যা আয় হবে তার চেয়ে অন্য কোন আওয়ারলি জব করলে আরো অনেক বেশি আয় করতে পারবে। একটি প্রোডাক্ট ব্যবহারে ইউজারদের মোটিভেট করার জন্য রিওয়ার্ড দেয়ার ক্ষেত্রে এই জিনিসটা মাথায় রাখতে হবে প্রোডাক্টটি যে কারণে বানানো হয়েছে ঐটিই যেন ইউজারদের মূল উদ্দেশ্য হয় ব্যবহার করার, রিওয়ার্ড পাওয়ার জন্য নয়।

Quora কিন্তু তাদের ইউজারদের কোন আর্থিক রিওয়ার্ড না দিলেও সোশ্যাল রিওয়ার্ড দিয়েছিল যেটি ইন্টারনাল ট্রিগার হিসেবে কাজ করেছিল। কি ছিল সে রিওয়ার্ড? তেমন কিছু না। খুবই সিম্পল দুটি ফিচার। Views এবং Upvotes! একটি প্রশ্নের টোটাল কত ভিউ হয়েছে আর একটা উত্তর কত ভোট পেয়েছে। কিন্তু এই সোশ্যাল রিওয়ার্ড এর ইমপেক্ট ছিল অসাধারণ। কারণ এই রিওয়ার্ড যেমন প্রশ্নদাতাকে আগ্রহী করেছে কোয়ালিটি প্রশ্ন করতে আর উত্তরদাতাদের আগ্রহী করেছে কাজে লাগে এমন উত্তর দিতে।

প্রোডাক্ট ব্যবহারের মূল উদ্দেশ্যকে ঠিক রেখে কিভাবে ইন্টারনাল ট্রিগারের মাধ্যমে ব্যবহারকারীদের লম্বা সময় ধরে এনগেইজড রাখা যায় সেটি Quora ভালভাবে করতে পেরেছে যা মাহালো পারেনি।

কিন্তু সোশ্যাল রিওয়ার্ড দিলেই কি একটি প্রোডাক্ট ব্যবহারকারীদের কাছে গ্রহণযোগ্যতা পেয়ে যাবে? অন্য আর কোন গুরুত্বপূর্ণ কিছু নেই? হ্যাঁ অবশ্যই আছে। তবে সেটি আজ নয়। পরের পর্বে ইনশাআল্লাহ।

পর্ব ২

পর্ব ৩

You may also like

Leave a Reply